দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লাকে মাদকমুক্ত করতে আগামী ১৮ আগস্ট থেকে কঠোর অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী র্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জাকারিয়া তাহের বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। মাদক অপরাধ, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় বাড়িয়ে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
কুমিল্লাকে মাদক পাচারের অন্যতম গুরুত্বপূর্ণ রুট উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত দিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক এ জেলায় প্রবেশ করছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও মাদক পাচারে ব্যবহার করা হচ্ছে। মাদক সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
মন্ত্রী বলেন, কুমিল্লায় কোনো মাদক কারবারিকে আশ্রয় দেওয়া যাবে না। জেলা পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদক কারবারিদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করতে জেলার প্রতিটি থানায় তথ্যবাক্স স্থাপন করা হবে বলেও জানান তিনি। এসব বাক্সে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিষয়ে তথ্য দেওয়ার সুযোগ থাকবে।
মাদক ব্যবসা ও সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে জাকারিয়া তাহের বলেন, যারা মাদক ব্যবসা অব্যাহত রাখবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী কর্মসূচি শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কুমিল্লার প্রতিটি প্রান্তে এ আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। এটি একটি ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ নেবে।
মাদকমুক্ত কুমিল্লা গড়তে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পেশাজীবী, শিক্ষক-শিক্ষার্থী, যুবসমাজ ও সুশীল সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
সমাবেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।
পরে কুমিল্লা নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
যে আই